ঢাকা, রোববার, ০১ নভেম্বর ২০২৬

১৭ কার্তিক ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণ করলে ‘দুর্বৃত্ত’ হিসেবে গণ্য, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রেলওয়ের

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:২৯, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৯, ৩১ অক্টোবর ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণ করলে ‘দুর্বৃত্ত’ হিসেবে গণ্য, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রেলওয়ের

ট্রেনের ছাদে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ছাদে ভ্রমণরত অবস্থায় কাউকে পাওয়া গেলে তাকে ‘দুর্বৃত্ত’ বা ‘দুষ্কৃতিকারী’ হিসেবে গণ্য করে প্রচলিত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ট্রেনের ছাদে দুষ্কৃতিকারী ও ছিনতাইকারীদের দ্বারা যাত্রীসাধারণ আক্রান্ত হচ্ছেন। এতে অনেকে আহত হচ্ছেন এবং কখনো কখনো প্রাণহানির ঘটনাও ঘটছে। এ ছাড়া ট্রেনের ছাদে ভ্রমণের কারণে রেল পরিচালনায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং ছাদে অবস্থানরত যাত্রীদের নিরাপত্তাও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী ট্রেনের ছাদে ভ্রমণ একটি দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে বারবার নিষেধ করা সত্ত্বেও একশ্রেণির যাত্রী ছাদে ভ্রমণ অব্যাহত রেখেছেন। ফলে যাত্রীদের জানমালের নিরাপত্তা এবং সুষ্ঠু রেল পরিচালনা হুমকির মুখে পড়ছে।

এ পরিস্থিতিতে যাত্রীসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ রেল চলাচল বজায় রাখার স্বার্থে ট্রেনের ছাদে ভ্রমণ আবারও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই সঙ্গে ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত থাকতে যাত্রীসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নির্দেশনা অমান্য করে কেউ ছাদে ভ্রমণ করলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক রেলভ্রমণ নিশ্চিত করতে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন