ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩

জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রেখে নতুন ট্রেন চালুর উদ্যোগ!

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:০০, ২৫ নভেম্বর ২০২৬

জাহানাবাদ ও রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ রেখে নতুন ট্রেন চালুর উদ্যোগ!

খুলনা থেকে ঢাকা রুটে যাত্রীসেবা স্বাভাবিক রাখতে বিকল্প হিসেবে এক জোড়া নতুন ট্রেন চালুর প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল। নিয়মিত চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের যাত্রা সাময়িকভাবে স্থগিত রেখে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ নামে নতুন এক জোড়া ট্রেন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের (পশ্চিম) কার্যালয় থেকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে সংশ্লিষ্ট অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন)কেও বিষয়টি অবহিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস (খুলনা-ঢাকা-খুলনা) এবং ৮২৮/৮২৭ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস (ঢাকা-বেনাপোল-ঢাকা) ট্রেন দুটি গত ১৯ নভেম্বর ২০২৬ থেকে প্রতিদিনের জন্য বাতিল করা হচ্ছে।

প্রতিদিন ট্রেন চলাচল বাতিলের ফলে নিয়মিত টিকিট রিফান্ড কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে যাত্রীসাধারণের চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে এবং সামগ্রিক পরিচালনাগত জটিলতা বাড়ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় খুলনার সঙ্গে ঢাকার যাত্রীসেবা অব্যাহত রাখা, রাজস্ব ক্ষতি পরিহার এবং রোলিং স্টকের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বিকল্প ট্রেন পরিচালনার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে ঢাকা পৌঁছাবে বিকেল ৩টা ১০ মিনিটে। অন্যদিকে, ২০০০৪ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে খুলনা পৌঁছাবে রাত ১১টা ৩৫ মিনিটে।

প্রস্তাবিত ট্রেন দুটি খুলনা-ঢাকা রুটে পোড়াদহ, রাজবাড়ী হয়ে চলাচল করবে। পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ট্রেন দুটি সম্পূর্ণ সাময়িকভাবে চলাচল করবে। এ কারণে ট্রেন দুটির টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রির ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

এ বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন চেয়ে প্রস্তাবটি রেলওয়ের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন