শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:১৬, ২৬ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়েতে নবযোগদানকৃত সহকারী স্টেশন মাস্টারদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল), রাজশাহী শাখা।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজশাহীতে নবনিযুক্ত সহকারী স্টেশন মাস্টারদের কর্মজীবনের নতুন পথচলাকে স্বাগত জানিয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবযোগদানকৃত সহকারী স্টেশন মাস্টারদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরকার নাহারুল ইসলাম, রাজশাহী আরবিআর শাখার সভাপতি মো. আব্দুস সালাম, ওপেন লাইন শাখার সভাপতি মো. আবুল কালাম আজাদসহ রাজশাহী আরবিআর ও ওপেন লাইন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা নবযোগদানকৃত সহকারী স্টেশন মাস্টারদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ রেলওয়ের নিরাপদ ট্রেন পরিচালনা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সার্বিক উন্নয়নে সহকারী স্টেশন মাস্টারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে তাঁদের রেলওয়ের উন্নয়নে অবদান রাখতে হবে।
বক্তারা আরও বলেন, একজন সহকারী স্টেশন মাস্টারকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশেষ করে ট্রেন পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
নবযোগদানকৃতদের উদ্দেশে নেতৃবৃন্দ বলেন, কর্মক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও পেশাগত সৌহার্দ্য বজায় রেখে সম্মিলিতভাবে রেলওয়ের স্বার্থে কাজ করতে হবে। একই সঙ্গে নিজেদের ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
বিআরইএল নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবযোগদানকৃত সহকারী স্টেশন মাস্টাররা তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ (বিআরইএল), রাজশাহী শাখার পক্ষ থেকে নবযোগদানকৃত সকল সহকারী স্টেশন মাস্টারের কর্মজীবনের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।