ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

১৫ শ্রাবণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান: ভাঙলো গাঁজার আসর, উচ্ছেদ ভবঘুরে

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৬:৪৪, ৩০ জুলাই ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে পুলিশের বিশেষ অভিযান: ভাঙলো গাঁজার আসর, উচ্ছেদ ভবঘুরে

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদকসেবীদের আড্ডা উচ্ছেদ এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ। অভিযানে স্টেশন চত্বরে গড়ে ওঠা গাঁজা সেবনের আড্ডা ভেঙে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে অবস্থান করা ভবঘুরেদের সরিয়ে দেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশের এই তাৎক্ষণিক ও জোরালো পদক্ষেপে স্টেশন এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্র ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম ও নির্জন কোণায় মাদকসেবীদের আড্ডা, ভবঘুরেদের অবাধ বিচরণ এবং নানা অসামাজিক কর্মকাণ্ডের কারণে নিরাপত্তা ঝুঁকিতে ছিলেন সাধারণ যাত্রীরা। বিশেষ করে সন্ধ্যার পর নারী, শিশু ও প্রবীণ যাত্রীদের চরম অস্বস্তি ও ভীতি নিয়ে চলাচল করতে হতো।

অভিযানকালে রেলওয়ে পুলিশ স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম, যাত্রী অপেক্ষমাণ কক্ষ, প্রবেশপথ ও আশপাশের এলাকাগুলোতে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় মাদকসেবনের জন্য ব্যবহৃত একাধিক গোপন আড্ডাস্থল গুঁড়িয়ে দেওয়া হয় এবং ভবঘুরেদের স্টেশন ত্যাগ করতে বাধ্য করা হয়। এ ছাড়া স্টেশনে ঘোরাঘুরি করা সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে সতর্ক বার্তা দেওয়া হয় এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগের জন্য ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করেন। ফলে এখানকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জনস্বার্থেই অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অভিযানকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল জানান, মাদকসেবন, চুরি, ছিনতাই ও যাত্রী হয়রানি পুরোপুরি বন্ধ করতে হলে এই ধরনের অভিযান নিয়মিত চালানো প্রয়োজন। পাশাপাশি ভবঘুরেদের পুনর্বাসন ও মাদকাসক্তদের চিকিৎসার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

সাধারণ যাত্রীদের প্রত্যাশা, এই ধরনের উদ্যোগ যেন কেবল এক দিনের কর্মসূচিতেই সীমাবদ্ধ না থাকে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ, মাদকমুক্ত ও পরিচ্ছন্ন যাত্রীবান্ধব কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রেলওয়ে পুলিশ ও জেলা প্রশাসনের নিয়মিত টহল ও মনিটরিং অব্যাহত থাকবে—এমনটাই মনে করছেন ভূক্তভোগী যাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন