শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২০:২০, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:২১, ৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের মশাখালী রেলওয়ে স্টেশনে রেলওয়ের দুই কর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ।
সম্প্রতি মশাখালী রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনকালে রেলওয়ের দুই কর্মীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে তারা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ময়মনসিংহ মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক এবং প্রকৌশল বিভাগ কর্মচারী এসোসিয়েশনের উপদেষ্টা মো. আব্দুল মান্নান। আরও উপস্থিত ছিলেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আব্দুল আলীম ও সহ-প্রচার সম্পাদক মো. মোজাম্মেল হোসেন।
এ ছাড়া ময়মনসিংহ শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন, কার্যকরী সভাপতি মো. সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল হক, দপ্তর সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলমসহ ময়মনসিংহ ও গফরগাঁও সেকশনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলসহ ময়মনসিংহ জিআরপি থানায় যান। সেখানে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে আলোচনা করে হামলার ঘটনায় অভিযোগ দায়ের করেন তারা। এ সময় ওসি বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ রেলওয়ের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনকালে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।