শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৩০, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩১, ৫ নভেম্বর ২০২৬
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতায় বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পগুলোর ইউটিলিটি স্থানান্তর কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অংশগ্রহণে আন্তঃসংস্থা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত মেট্রোরেল ভবনের সম্মেলন কক্ষে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিএমটিসিএলের আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের এলিভেটেড ও আন্ডারগ্রাউন্ড স্টেশন নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট পরিষেবা লাইন বা ইউটিলিটি স্থানান্তরের অগ্রগতি এবং এ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়নের সময় নগরবাসীর স্বাভাবিক চলাচল, দৈনন্দিন জীবনযাত্রা ও নাগরিক সেবায় যাতে বিঘ্ন না ঘটে এবং জনদুর্ভোগ কমানো যায়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, মেট্রোরেল প্রকল্পগুলোর মূল নির্মাণকাজ নির্ধারিত সময়ে এগিয়ে নিতে ইউটিলিটি স্থানান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সেবা প্রদানকারী সংস্থা ও প্রকল্পসংশ্লিষ্ট দপ্তরগুলোকে পারস্পরিক সমন্বয় এবং নিবিড় যোগাযোগ বজায় রেখে সুপরিকল্পিতভাবে মাঠপর্যায়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ইউটিলিটি স্থানান্তরের সময় ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখা এবং সংশ্লিষ্ট নাগরিক পরিষেবাগুলো অব্যাহত রাখার বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নিতে হবে।
সভায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, ঢাকা উত্তর সিটি করপোরেশন, রাজউক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ, ডেসকো, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, বিটিসিএল, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি, জিটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, বিএডিসি, বিআরইবি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ডিএমটিসিএলের বিভিন্ন এমআরটি লাইনের প্রকল্প পরিচালক, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণ এবং সুচিন্তিত মতামত দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে ইউটিলিটি স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করে মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজ এগিয়ে নেওয়া এবং নগরবাসীর দুর্ভোগ কমানোই এ সভার মূল লক্ষ্য।