শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১২:১৭, ১৮ এপ্রিল ২০২৬
ছবি: সংগৃহীত
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় (২য় ফেজ) অবস্থিত রেলওয়ে পুলিশ লাইনে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ এপ্রিল) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (বিপি নং: ৯৯১৮২১৪৯২৯)। ঘটনার খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ে পুলিশের খুলনা অঞ্চলের সিনিয়র কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
কেএমপির সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রেল পুলিশের কনস্টেবল সম্রাট বিশ্বাস দায়িত্বরত অবস্থায় কপালে বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তারা এলে লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেয়া হবে।