ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

কক্সবাজার এক্সপ্রেসে ছিনতাইকারীর কবলে ‘দৈনিক আমাদের দিন’-এর সম্পাদক ও প্রকাশক, নগদ ও বিকাশে লুট আড়াই লাখ টাকা

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১২:১২, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৩, ২৫ নভেম্বর ২০২৬

কক্সবাজার এক্সপ্রেসে ছিনতাইকারীর কবলে ‘দৈনিক আমাদের দিন’-এর সম্পাদক ও প্রকাশক, নগদ ও বিকাশে লুট আড়াই লাখ টাকা

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ধাওয়া করলে ‘দৈনিক আমাদের দিন’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলমকে কুপিয়ে আহত ও জিম্মি করে দেড় লাখ টাকা লুটে নিয়েছে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র।

পরে ছিনতাই হওয়া মোবাইল ফোনের সিম (নম্বর: ০১৭৪৫০৩১১৪৩) ব্যবহার করে তাঁর বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে আরও লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক মো. শাহ আলম (৩৩) ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদের বসুন্ধরা রিভারভিউ এলাকায় বসবাস করেন। এ ঘটনায় গত সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাতে তিনি ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত ১১টার দিকে স্ত্রী, সন্তান, শ্যালিকা ও ভায়রার পরিবারকে নিয়ে কক্সবাজার এক্সপ্রেস (ট্রেন নম্বর ৮১৪) ট্রেনে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন সম্পাদক মো. শাহ আলম। ট্রেনটি রাত ১২টা থেকে ১২টা ১৫ মিনিটের মধ্যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে জানালার পাশে বসা তাঁর হাত থেকে ২৬ হাজার টাকা মূল্যের ‘অপো রেনো ১২ এফ’ (OPPO Reno12 F) মোবাইল ফোনটি ছোঁ মেরে নিয়ে দৌড় দেয় এক ছিনতাইকারী।

ফোনটি উদ্ধারের জন্য তিনি তাৎক্ষণিকভাবে ট্রেন থেকে নেমে ছিনতাইকারীকে ধাওয়া করেন। এ সময় রাতের অন্ধকারে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন সশস্ত্র ছিনতাইকারী তাঁকে ঘিরে ধরে। তারা চাপাতির উল্টো দিক দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাঁর বাঁ হাত ও পায়ের হাঁটুতে গুরুতর জখম করে এবং গলায় ছুরি ধরে ভ্রমণের জন্য সঙ্গে রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।এজাহারে উল্লেখ করা হয়, ছিনতাই হওয়া মোবাইল ফোনে মো. শাহ আলমের ০১৭৪৫০৩১১৪৩ নম্বরের সিমটি ছিল, যেটিতে তাঁর ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল। ঘটনার পরপরই ১৮ নভেম্বর রাত ১২টা ২২ মিনিটে চক্রটি ওই সিম ব্যবহার করে বিকাশ কাস্টমার কেয়ারে ফোন দিয়ে পিন ও পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। পরে রাত ১২টা ২৮ মিনিটে ভায়রার ফোন থেকে গ্রামীণফোন কাস্টমার কেয়ারে কথা বলে সিমটি বন্ধ করার প্রক্রিয়া করা হলেও এর মধ্যেই এবং পরবর্তী কয়েক ঘণ্টায় চক্রটি অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয়।

ভুক্তভোগী জানান, ১৮ নভেম্বর বিকেলে কক্সবাজারে গ্রামীণফোন কাস্টমার কেয়ার থেকে ০১৭৪৫০৩১১৪৩ নম্বরের সিমটি পুনরায় উত্তোলনের পর তিনি লেনদেনের বিস্তারিত জানতে পারেন। চক্রটি তাঁর অ্যাকাউন্ট দখলে রেখে সিটি ব্যাংক থেকে ৭ হাজার টাকা ডিজিটাল লোন নেয়। এ ছাড়া ওই রাতেই তাঁর মামা মোহাম্মদ আলী আকন্দ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে অ্যাড মানির মাধ্যমে ২০ হাজার টাকা পাঠালে সেটিও হাতিয়ে নেয় প্রতারকেরা।মামলার বিবরণী অনুযায়ী, ১৮ নভেম্বর রাত ১২টা ২৬ মিনিট থেকে সকাল ৯টা ২১ মিনিটের মধ্যে চক্রটি চার্জসহ মোট ১ লাখ ২ হাজার ১৪৬ টাকা ৫০ পয়সা বিভিন্ন নম্বরে সরিয়ে নেয়। এর মধ্যে ০১৬৪৮৩১৯০৯২ নম্বরে সেন্ড মানি ও রিচার্জের মাধ্যমে ৫০ হাজার ৪০০ টাকা, ০১৩৫৪১৮০৬৬৩ (মোফা মুদি স্টোর) এজেন্ট নম্বরে ২০ হাজার টাকা, ০১৩৩৪০০০২২৪ (মোস্তফা ট্রান্সপোর্ট) এজেন্ট নম্বরে ৯ হাজার টাকা এবং ০১৬১১৯৪৫৯১৩ (সওদা হার্ডওয়্যার স্টোর) মার্চেন্ট নম্বরে পেমেন্টের মাধ্যমে ২২ হাজার টাকা নিয়ে নেয়। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট দখলের চেষ্টায় আরও ৫০০ টাকা ট্রান্সফার করা হয়।

এ ঘটনায় ২৩ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটে ঢাকা রেলওয়ে থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারা এবং সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৩(২)(ক)/২৭ ধারায় মামলাটি (মামলা নম্বর ১৯) রুজু করা হয়েছে। পুলিশ অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও লুণ্ঠিত অর্থ-মোবাইল উদ্ধারে তদন্ত শুরু করেছে।ট্রেন ও স্টেশনে বাড়ছে ছিনতাইয়ের ঘটনা
সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন ও চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় প্রায়ই ট্রেনের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। চলতি মাসের শুরুতেও (১ নভেম্বর) বিমানবন্দর স্টেশনে মোবাইল ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়।

এর আগে গত ৯ নভেম্বর ভোরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের জানালা দিয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের পর ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক (৫০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়।এ ছাড়া গত ১৬ নভেম্বর রাতে চুয়াডাঙ্গার দর্শনায় দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে হামলা চালিয়ে চালক ও সহকারী চালককে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন লুট করে দুর্বৃত্তরা। এর আগে গত সেপ্টেম্বরেও রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ছাদে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। একের পর এক এমন ঘটনায় ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন