শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০১:২২, ২৩ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে চলন্ত অবস্থায় আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে সংযোগস্থলের হুক (কাপলিং) মেরামত করে বিচ্ছিন্ন বগিগুলো পুনরায় যুক্ত করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রোববার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। মেরামত শেষে বিকেল ৫টার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সুতিয়াখালী এলাকা অতিক্রম করার সময় বগির সংযোগস্থলের হুক ভেঙে যায়। এতে পেছনের কয়েকটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় ইঞ্জিনসহ চারটি বগি নিয়ে ট্রেনটি কয়েকশ গজ সামনে চলে যায়।
ওসি আরও জানান, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামান। পরে পেছনের দিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নিয়ে যাওয়া হয়। এরপর ট্রেনের চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা মিলে বগিগুলো পুনরায় সংযুক্ত করেন। মেরামত শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে যাত্রা করে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ অক্টোবর মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন গফরগাঁও উপজেলার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে সেটিরও বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।