ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

নবনিযুক্ত ৪০ ট্রেন পরিচালককে ফুলেল শুভেচ্ছায় বরণ, দায়িত্ব ও কর্তব্য নিয়ে ডিটিওর দিকনির্দেশনা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:১০, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:১০, ২৪ নভেম্বর ২০২৬

নবনিযুক্ত ৪০ ট্রেন পরিচালককে ফুলেল শুভেচ্ছায় বরণ, দায়িত্ব ও কর্তব্য নিয়ে ডিটিওর দিকনির্দেশনা

বাংলাদেশ রেলওয়ের নবনিযুক্ত ট্রেন পরিচালকদের কর্মদক্ষতা বৃদ্ধি, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদান এবং যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) বাংলাদেশ রেলওয়ের রেস্ট হাউজে আয়োজিত এ প্রশিক্ষণে ৪০ জন নবনিযুক্ত ট্রেন পরিচালক অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও/ঢাকা) জনাব ফুয়াদ হোসেন আনন্দ। এ সময় তিনি নবনিযুক্ত ট্রেন পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য, একটি ট্রেন কীভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় এবং জেনারেল সেফটি রুলস (জিএস রুল) অনুসরণ করে ট্রেন পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার পক্ষ থেকে নবনিযুক্ত ট্রেন পরিচালকদের ফুলেল শুভেচ্ছা ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে নবীন ও অভিজ্ঞ সহকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

এ সময় বাংলাদেশ রেলওয়ে গার্ড কাউন্সিল ঢাকা শাখার সভাপতি জনাব নাজমুল হাসান অপু এবং সাধারণ সম্পাদক জনাব আরিফুর রহমান আরিফ নবাগত ট্রেন পরিচালকদের শুভেচ্ছা জানান।

 

সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, নবাগত গার্ডদের কর্মদক্ষতা ও আন্তরিক সেবার মাধ্যমে বাংলাদেশের রেলওয়ে আরও এগিয়ে যাবে। যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং ট্রেনগুলো যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বাংলাদেশ রেলওয়ের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় নবনিযুক্ত ট্রেন পরিচালকেরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিটিও/ঢাকা, এটিও-১/ঢাকা এবং এটিও-২/ঢাকা মহোদয়।

 

এ ধরনের প্রশিক্ষণ ও দিকনির্দেশনামূলক আয়োজন নবনিযুক্ত ট্রেন পরিচালকদের পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন