শিরোনাম
সৌজন্যে: বনিক বার্তা
প্রকাশ: ১১:১৯, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:১৯, ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ে যাত্রী ও পণ্য পরিবহনসহ বিভিন্ন খাত থেকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আয় করেছে ৫০৩ কোটি টাকা। এ সময়ে পরিচালন ব্যয় হয়েছে প্রায় ৭০৮ কোটি টাকা। অর্থাৎ আয়ের চেয়ে ২০৫ কোটি টাকা বেশি ব্যয় করেছে। এ হিসাবে রেলের অপারেটিং রেশিও দাঁড়ায় প্রায় ১৪১ শতাংশ। সহজ ভাষায়, ১ টাকা আয় করতে রেলের খরচ হয়েছে ১ টাকা ৪১ পয়সা। রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রেলের পরিচালন ব্যয়কে আয় দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায়, সেটিই অপারেটিং রেশিও। এটি ১০০ শতাংশের নিচে থাকলে আয় বেশি, ওপরে থাকলে ব্যয় বেশি বোঝায়। গত ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় এবার অপারেটিং রেশিও কমেছে। ওই সময়ে ৫৩৩ কোটি টাকা আয় করতে রেলের খরচ হয়েছিল ৮৮৯ কোটি টাকা। অপারেটিং রেশিও ছিল ১৬৭ শতাংশ, অর্থাৎ ১ টাকা আয়ে ব্যয় হয় ১ টাকা ৬৭ পয়সা। এবার আয় ৩০ কোটির মতো কমলেও ব্যয় কমেছে ১৮১ কোটি টাকা। ফলে অনুপাত প্রায় ২৬ শতাংশ পয়েন্ট কমেছে।
তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, এ উন্নতি সাময়িক। প্রথম প্রান্তিকে পরিচালন ব্যয় তুলনামূলক কম হওয়ায় রেশিও কম দেখাচ্ছে। অর্থবছর যত এগোবে, ব্যয় বাড়বে এবং রেশিওও বাড়বে।
পুরো ২০২৫-২৬ অর্থবছরে রেলের পরিচালন ব্যয় ছিল ৩ হাজার ৯৫৫ কোটি টাকা। বিপরীতে আয় হয় ২ হাজার ৬৬ কোটি টাকা। সে হিসাবে ১০০ টাকা আয় করতে রেলের খরচ হয়েছে প্রায় ১৯১ টাকা।
চলতি অর্থবছরে রেলপথ মন্ত্রণালয়ের রাজস্ব ও প্রাপ্তির লক্ষ্যমাত্রা ২ হাজার ৬৩০ কোটি টাকার কিছু বেশি, যার প্রায় পুরোটাই বাংলাদেশ রেলওয়ের। প্রথম তিন মাসে আদায় হয়েছে ৫০৩ কোটি ৮০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৯ শতাংশ।
মন্ত্রণালয়ের পরিচালন ব্যয়ের বাজেট প্রায় ৪ হাজার ৫০১ কোটি টাকা। প্রথম প্রান্তিকে এর ১৫ দশমিক ৭৪ শতাংশ খরচ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ গেছে অবসর ভাতায়। এ খাতে বছরের বরাদ্দ ১ হাজার ১৩৬ কোটি টাকা। আর তিন মাসেই খরচ হয়েছে প্রায় ২৬২ কোটি টাকা, যা মোট পরিচালন ব্যয়ের প্রায় ৩৭ শতাংশ। অন্যদিকে মেরামত ও রক্ষণাবেক্ষণে বরাদ্দ ৬৬১ কোটি টাকার মতো হলেও প্রথম প্রান্তিকে তার ১ শতাংশেরও কম ব্যয় হয়েছে। উন্নয়ন ব্যয়ের গতি আরো ধীর। রেলের উন্নয়ন বাজেট ৫ হাজার ৪৩৯ কোটি টাকার বেশি। প্রথম তিন মাসে যদিও খরচ হয়েছে মাত্র ১১০ কোটি টাকার মতো, যা বরাদ্দের ২ শতাংশের কিছু বেশি।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেলের অপারেটিং রেশিও কমে এলেও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামও বিষয়টিকে সাময়িক হিসেবে দেখছেন। এ বিষয়ে যোগাযোগ করলে তিনি বণিক বার্তাকে বলেন, ‘এখন রেলের আয় বেশি মনে হলেও এর পেছনে মূল কারণ হলো, আয় হয়েছে কিন্তু ব্যয়ের বড় অংশ এখনো শুরু হয়নি। তাই এ নিয়ে খুশি হওয়ার তেমন কিছু নেই। সাধারণত অর্থবছরের মাঝামাঝি সময় থেকে রেলের পরিচালন ব্যয় ও বিভিন্ন পেমেন্ট বাড়তে থাকে। তখন অপারেটিং রেশিওও বেড়ে যাবে।’
অপারেটিং রেশিও কমিয়ে আনা রেলওয়ের জন্য কঠিন মন্তব্য করে তিনি বলেন, ‘২০১৬ সালের পর থেকে রেলের ভাড়া আর বাড়ানো হয়নি। আমরা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছি, কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক সম্মতি পাওয়া যায়নি। এ অবস্থায় অপারেটিং রেশিও নিয়ন্ত্রণে রাখতে আমরা নন-কোর ব্যবসা থেকে আয় বাড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি রেলের বিভিন্ন পর্যায়ে যে অর্থের অপচয় ও অনিয়ম (পিলফারেজ) হচ্ছে, সেগুলো বন্ধ করার উদ্যোগও নেয়া হয়েছে।’