ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

জগদ্ধাত্রী প্রতিমা পারাপারে চন্দননগরে প্রায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:৫৬, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৫৭, ২৩ নভেম্বর ২০২৬

জগদ্ধাত্রী প্রতিমা পারাপারে চন্দননগরে প্রায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

হুগলির চন্দননগরে জগদ্ধাত্রী প্রতিমা কাঁধে চাপিয়ে রেললাইন পার করার কারণে প্রায় ৫০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। গত রোববার সকাল ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ওই লাইনে ট্রেন চলাচল স্থগিত ছিল।

জানা যায়, চন্দননগর রেল স্টেশনের পশ্চিম দিকের পুজোগুলোর প্রতিমা পূর্ব দিকে গঙ্গায় বিসর্জনের জন্য নিতে হয়। প্রতিমার আকার বড় হওয়ায় সাবওয়ে দিয়ে নেওয়া সম্ভব নয় বলে কাঁধে তুলে রেললাইন পার করানো হয়। রোববার সকাল ১১টা নাগাদ সুভাষপল্লি উত্তরপাড়ার প্রতিমা বাঁশের খাঁচায় বেঁধে কাঁধে নিয়ে রেললাইন পার করানো হয় এবং পূর্ব পারে লরিতে তোলা হয়। এ সময় নিরাপত্তার স্বার্থে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং লাইন দড়ি দিয়ে ঘিরে রাখা হয়। শেওড়াফুলি জিআরপি থানার ওসি প্রদ্যুৎ ঘোষ মাইকে উৎসুক জনতাকে রেললাইন থেকে দূরে থাকার সতর্কবার্তা দেন। প্রতিমা পার হওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, প্রাকৃতিক দুর্যোগের কারণে গত বৃহস্পতিবার দশমীর বিসর্জন শোভাযাত্রা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন, সেন্ট্রাল জগদ্ধাত্রী পুজো কমিটি ও ১৮০টি পুজো কমিটির প্রতিনিধিরা। সেই অনুযায়ী রোববার সন্ধ্যা ৬টা থেকে শোভাযাত্রা শুরুর কথা জানানো হয়, তবে যেসব ক্লাব শোভাযাত্রায় অংশ নেয় না, তারা সকাল থেকেই বিসর্জন শুরু করে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন