শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:৫১, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫২, ২৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় প্রকৌশলী-৩ কাজী ওয়ালী উল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে রেলনিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি প্রতিটি অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। অভিযোগগুলো অস্বীকার করে সংশ্লিষ্ট কার্যক্রমের ব্যাখ্যাও দেন তিনি।
পাঠকদের জন্য অভিযোগ ও সেসব বিষয়ে কাজী ওয়ালী উল হকের বক্তব্য প্রশ্নোত্তর আকারে তুলে ধরা হলো।
রেলনিউজ: আওয়ামী লীগ নেতার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকা বাবার কাছে পাচারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
কাজী ওয়ালী উল হক: ওই ব্যক্তি আওয়ামী লীগ নেতা কি না, তা আমার জানা নেই। তবে তিনি আমার সহকর্মী। আমার দুটি হার্ট অ্যাটাক হয়েছে এবং হার্টে চারটি রিং বসানো আছে। গত এপ্রিল মাসে ভারতে চিকিৎসার জন্য আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছিলাম। পরবর্তী সময়ে ওই টাকা আমার কাজে না লাগায় বাবাকে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ টাকার কোনো লেনদেন আমি কখনো করিনি, ভবিষ্যতেও করব না। আর অবৈধ টাকা লেনদেন কেউ কখনো প্রকাশ্যে করে না। বৈধ টাকা পাঠাচ্ছি বলেই অফিসের দুজন কর্মচারীর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে প্রকাশ্যে টাকা পাঠিয়েছি।
রেলনিউজ: কমলাপুর রেলওয়ে স্টেশনের সংযোগ সড়ক মেরামত ও কার্পেটিংয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন না হলেও একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৫০ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
কাজী ওয়ালী উল হক: কাজের অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি চলতি বিল পরিশোধ করা হয়েছিল। তবে বিলের পরিমাণ কাজের তুলনায় কম ছিল। নিয়ম অনুযায়ী পুরো কাজও সম্পন্ন করা হয়েছে। তবে কাজটি এখনো চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়নি।
রেলনিউজ: রেলওয়ের নির্দেশনা অনুসরণ না করে কমলাপুর আইসিডি থেকে লোহা, গ্রিল ও স্টেইনলেস স্টিলের প্রায় ৩২ লাখ টাকার মালামাল মাত্র ছয় লাখ টাকায় বিক্রি দেখানো হয়েছে। এতে অবশিষ্ট অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। এ বিষয়ে কী বলবেন?
কাজী ওয়ালী উল হক: আর্থিক ক্ষমতা অর্পণ বিধিমালা ও সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করে কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সদস্যরা সরেজমিনে সংশ্লিষ্ট অকেজো স্ক্র্যাপ রড পরিদর্শন করেন এবং বাজারদর মূল্যায়ন করেন। এরপর যথাযথ প্রক্রিয়ায় প্রাক্কলন অনুমোদন করে প্রত্যক্ষ নিলামের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই প্রাক্কলিত মূল্যের চেয়ে নিলামে বেশি মূল্য পাওয়া গেছে। ফলে এ ক্ষেত্রে আর্থিক অসঙ্গতির কোনো সুযোগ নেই।
রেলনিউজ: অতিরিক্ত ব্রিজ ইঞ্জিনিয়ার, ঢাকা হিসেবে দায়িত্ব পালনকালে আখাউড়া-লাকসাম প্রকল্প থেকে অবমুক্ত হওয়া অফিসের আসবাবপত্র কেনাকাটায় অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে আপনার বিরুদ্ধে। এ বিষয়ে আপনার বক্তব্য কী?
কাজী ওয়ালী উল হক: ব্রিজ ইঞ্জিনিয়ার, ঢাকা হিসেবে দায়িত্ব পালনকালে আখাউড়া-লাকসাম প্রকল্প থেকে অফিসের আসবাবপত্র অবমুক্ত করা হলে সেগুলো নিয়ম অনুযায়ী অফিসেই সংরক্ষণ করা হয়। ব্রিজ ইঞ্জিনিয়ার, ঢাকা দপ্তরের নিজস্ব কোনো ডিডিওশিপ না থাকায় দপ্তরের সব আর্থিক কার্যক্রম চট্টগ্রাম থেকে পরিচালিত হতো। ফলে ব্রিজ ইঞ্জিনিয়ার, ঢাকা দপ্তরের পক্ষে কোনো ধরনের ক্রয়সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা সম্ভব ছিল না।
উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে কাজী ওয়ালী উল হক তাঁর বক্তব্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম বিধিবিধান মেনেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন।