শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৯:০৫, ৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:১১, ৬ এপ্রিল ২০২৬
আমি মোঃ মোতাহার হোসেন সরকার। বর্তমানে রেল নিউজ পত্রিকায় রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছি। পাশাপাশি ইন্টার সেকেন্ড ইয়ারে পীরগঞ্জ সরকারি কলেজে পড়াশোনা করছি।
ছোটবেলা থেকেই ট্রেনের প্রতি আমার আলাদা ভালোবাসা ছিল। বাসে ভ্রমণের অভিজ্ঞতা তেমন নেই; অধিকাংশ সময়ই ট্রেনে যাত্রা করেছি। পড়াশোনার জন্য শহরে থাকার সুবাদে আমার স্টেশন খুব কাছেই ছিল, মাত্র পাঁচ মিনিটের পথ। পড়াশোনা শেষ করে বিকেলের সময় স্টেশনে যেতাম। সেখানে দাঁড়িয়ে দেখতাম যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছে। ট্রেন আসার সাথে সাথে শুরু হতো হুড়োহুড়ি, ভিড় আর বিশৃঙ্খলা। নিয়মিত এই দৃশ্য দেখে আমি যাত্রীদের ভোগান্তি, কষ্ট এবং অসুবিধা লক্ষ্য করতে শুরু করলাম।
আমার বয়স তখন ১৮-এর কম। হাতে নিজের ফোন ছিল না; মাঝে মাঝে বড় ভাইদের ফোন ব্যবহার করে ট্রেনের ছবি তুলতাম। এখান থেকেই শুরু হলো আমার রেলপ্রেমী যাত্রা। কিন্তু শুধু ট্রেনের ভালোবাসা নয়, আমি চাইতাম যাত্রীদের দুর্ভোগ এবং ভোগান্তি সবার সামনে তুলে ধরতে। কারণ অনেক সময় এসব বিষয় ঠিকমতো প্রকাশ পেত না। তখনই মনে হলো—কিছু একটা করা দরকার।
ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হলে এই চিন্তাটা আরও দৃঢ় হলো। কিন্তু কিভাবে নিজের দেখা বাস্তবতা সবার সামনে তুলে ধরা যায়, সেই পথটি তখনও খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ একদিন ফেসবুক স্ক্রল করতে করতে দেশের প্রথম ও একমাত্র রেল-মেট্রোরেল বিষয়ক নিবন্ধিত অনলাইন পত্রিকা রেল নিউজ-এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি চোখে পড়লো। সুযোগ হাতছাড়া না করে আমি আবেদন করলাম, এবং সেখান থেকেই শুরু হলো সাংবাদিকতার যাত্রা।
শুরুর দিকে প্রতিবেদন তৈরি করা সহজ ছিল না। কীভাবে লিখতে হয়, কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়—সবই নতুন ছিল। কিন্তু রেল নিউজ-এর সম্পাদক মোঃ মেহেদী ভাই এবং বার্তা সম্পাদক মোঃ সেলিম ভাই আমাকে ধৈর্য ধরে শিখিয়েছেন। তাদের সাহায্যে শিখেছি কীভাবে প্রতিবেদন তৈরি করতে হয়, কীভাবে মানুষের কাছে সত্য তুলে ধরা যায়। ধীরে ধীরে তাদের কাছ থেকে আদর্শ সাংবাদিকতার পাঠ নিয়েছি, এবং এ জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
এরপর থেকে আমি নিয়মিতভাবে যাত্রীদের নানা ভোগান্তি, রেলের জড়াজিন অবস্থা এবং ঝুঁকিপূর্ণ বিষয়গুলো সামনে এনেছি। মাঠ পর্যায়ে গিয়ে সংবাদ সংগ্রহ করেছি, বিভিন্ন স্টেশন ও রুট ঘুরেছি। এখন স্টেশনে গেলে যাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোগান্তি এবং সমস্যার কথা আমাকে জানান।
পড়াশোনার পাশাপাশি সংবাদপত্রের কাজ চালিয়ে যাচ্ছি। প্রতিনিয়ত নতুন কিছু শেখার চেষ্টা করি, নতুন ধারণা এবং প্রকল্প নিয়ে ভাবি। রেলকে ঘিরে নতুন চিন্তা, সমস্যা ও সম্ভাবনার কথা মানুষের সামনে তুলে ধরাই চেষ্টা করছি।
একজন রেলপ্রেমী থেকে সাংবাদিক হিসেবে আমার যাত্রা হলো মানুষের কণ্ঠস্বরকে প্রকাশ করা এবং সত্যকে সামনে আনা। এই যাত্রা এখনও চলমান, এবং আমি প্রতিনিয়ত চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে এবং রেলের সঠিক খবর পৌঁছে দিতে।