ঢাকা, রোববার, ০২ আগস্ট ২০২৬

১৭ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বাস্তবায়নে পূর্বাঞ্চল রেলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশ: ১১:৪০, ১ আগস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর ‘ন্যাশনাল গ্রিন মিশন’ বাস্তবায়নে পূর্বাঞ্চল রেলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি ঘোষিত ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর অংশ হিসেবে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সরকারের ঘোষিত পাঁচ দফা পরিকল্পনার আওতায় বাংলাদেশ রেলওয়ে সারা দেশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ জুলাই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) এবং বাংলাদেশ স্কাউটসের রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক কমিশনার মো. সুবক্তগীন । এ সময় কমলাপুর রেলওয়ে স্টেশন ও স্টেশন প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে স্টেশন এলাকা পরিষ্কার করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক, ঢাকা স্টেশন ম্যানেজার এবং বাংলাদেশ স্কাউটসের স্কাউট লিডার ও স্কাউট সদস্যরা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে অগ্রাধিকারভিত্তিতে ২৫ কোটি গাছের চারা রোপণ  করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন