ঢাকা, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

২২ চৈত্র ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৭

৭ ঘণ্টা বিলম্বে কুড়িগ্রাম এক্সপ্রেস, যাত্রী ভোগান্তি কমাতে কাল চলবে সাটল ট্রেন

হোসাইন রাজিব, স্টাফ রিপোর্টার (পশ্চিমঅঞ্চল)

প্রকাশ: ২২:৪৮, ৫ এপ্রিল ২০২৬

৭ ঘণ্টা বিলম্বে কুড়িগ্রাম এক্সপ্রেস, যাত্রী ভোগান্তি কমাতে কাল চলবে সাটল ট্রেন

কুড়িগ্রাম-ঢাকা রুটে চলাচলকারী কুড়িগ্রাম এক্সপ্রেস প্রায় ৭ ঘণ্টা বিলম্বে ছেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। নির্ধারিত সময়ের অনেক পরে ট্রেনটি কুড়িগ্রাম থেকে যাত্রা শুরু করায় এখনো ঢাকা পৌঁছাতে পারেনি, ফলে পুরো রুটজুড়ে সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ইঞ্জিন সংকটের কারণে ঢাকা থেকে বিকল্প ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। এর প্রভাব পড়েছে কুড়িগ্রাম এক্সপ্রেসের চলাচলেও। দীর্ঘ বিলম্বের কারণে অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে, আবার কেউ কেউ নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে দেরির মুখে পড়েছেন।এই পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের ভোগান্তি কিছুটা কমানোর লক্ষ্যে আগামীকাল কুড়িগ্রাম থেকে রংপুর পর্যন্ত একটি সাটল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনটি সকাল ৭টা ১০ মিনিটে কুড়িগ্রাম থেকে ছেড়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। এতে করে রুটের আংশিক যাত্রী পরিবহন সচল রাখা এবং বিলম্ব কমানোর চেষ্টা করা হবে।

সাটল ট্রেনটিতে মোট ৬টি কোচ থাকবে। এর মধ্যে ২টি এসি কোচ, ২টি শোভন চেয়ার, একটি পাওয়ার কার এবং একটি গার্ড ব্রেক থাকবে।

এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস রংপুরে পৌঁছানোর পর ট্রেনটির মেকানিক্যাল ফিটনেস পরীক্ষা, ওয়াশিং ও ক্লিনিং সম্পন্ন করা হবে। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানা গেছে।অপরদিকে, ঢাকা থেকে আগত যাত্রীদের সুবিধার্থে রংপুর থেকে সাটল ট্রেনের মাধ্যমে কাউনিয়া ও কুড়িগ্রাম পর্যন্ত যাতায়াতের ব্যবস্থাও রাখা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের সিডিউল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন