ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৯ অগ্রাহায়ণ ১৪৩৩

রায়পুরার এমপির উদ্যোগে সচল হচ্ছে বন্ধ আমিরগঞ্জ ও শ্রীনিধী রেলস্টেশন

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:০৪, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৪, ২২ নভেম্বর ২০২৬

রায়পুরার এমপির উদ্যোগে সচল হচ্ছে বন্ধ আমিরগঞ্জ ও শ্রীনিধী রেলস্টেশন

দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের উদ্যোগে পুনরায় সচল হতে যাচ্ছে রায়পুরার বন্ধ হয়ে থাকা আমিরগঞ্জ ও শ্রীনিধী রেলস্টেশন। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টার পর আমিরগঞ্জ স্টেশনের কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে জনবল পদায়নের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

রায়পুরা উপজেলার গুরুত্বপূর্ণ দুটি রেলস্টেশন আমিরগঞ্জ ও শ্রীনিধী দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ছিলেন স্থানীয় যাত্রীরা। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে রেলপথে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হতে হচ্ছিল। দীর্ঘদিন ধরে স্টেশন দুটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী।

স্থানীয় মানুষের এই দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল স্টেশন দুটি পুনরায় চালুর উদ্যোগ নেন। তাঁর প্রচেষ্টার ধারাবাহিকতায় আমিরগঞ্জ রেলস্টেশন সচলের প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে।

রেলওয়ের ১২ নভেম্বর ২০২৬ তারিখের কন্ট্রোল অর্ডার নম্বর ৬২২-এ আমিরগঞ্জ স্টেশনের কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে দুই স্টেশন মাস্টারকে দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আযমপুর স্টেশনে কর্মরত গ্রেড-৩ কর্মকর্তা মো. হেলাল হোসেন ভূঁইয়াকে আমিরগঞ্জ স্টেশনে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তেজগাঁও স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার মরন চন্দ্র দাসকে আমিরগঞ্জ স্টেশনের কার্যক্রম পুনরায় চালু ও সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

রেলওয়ের ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা এই আদেশের মধ্য দিয়ে আমিরগঞ্জ স্টেশন পুনরায় চালুর প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে গেল।

এদিকে আমিরগঞ্জের পাশাপাশি শ্রীনিধী রেলস্টেশনও দ্রুত চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। ফলে দীর্ঘদিন রেল যোগাযোগের সুবিধা থেকে বঞ্চিত রায়পুরার দুই স্টেশনের যাত্রীরা আবারও ট্রেনে যাতায়াতের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন