শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:৩১, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৩১, ২২ নভেম্বর ২০২৬
মগবাজারে ক্রেনের সঙ্গে ধাক্কা: মহানগর এক্সপ্রেসের ৫ দরজা ভাঙল, তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় অসাবধানতাবশত রাখা একটি ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে মহানগর এক্সপ্রেস ট্রেনের পাঁচটি দরজা ভেঙে যাওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।
গত ২১ নভেম্বর রাত ১০টা ২৪ মিনিটে মগবাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির মোট পাঁচটি দরজা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিতে রয়েছেন বিভাগীয় প্রকৌশলী-১ এসএম মাহমুদুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফুয়াদ হোসেন আনন্দ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রাসেল আলম এবং বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী শাকের আহমেদ।
আজ ২২ নভেম্বর দুপুর ১টার দিকে তদন্ত কমিটির সদস্যরা মহানগর এক্সপ্রেসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ঘটনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং ট্রেনটির ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন।
তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।
পরবর্তীতে নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ মহানগর এক্সপ্রেস পরিচালনাকারী কর্তৃপক্ষের কাছ থেকে আদায়ের ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে লিখিত সতর্কবার্তা প্রদান করা হবে।
রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, রেলপথ ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে রেলগেট এবং আশপাশের এলাকায় ভারী যন্ত্রপাতি বা ক্রেন ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।