শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:০২, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৬:০৩, ২২ নভেম্বর ২০২৬
দীর্ঘ ১৪ দিনের অপেক্ষা ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে পরিবারের কাছে ফিরেছে জামালপুরের নিখোঁজ শিশু জিহাদ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে শিশুটিকে উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)।
জানা যায়, গত ৮ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির প্রলোভনে ঢাকায় ঘুরতে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশু জিহাদ। একপর্যায়ে তাকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে আসা হয়। পরে ১৫ নভেম্বর স্টেশন এলাকা থেকে লিডোর সমাজকর্মীরা তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর ঢাকা রেলওয়ে থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে লিডোর ট্রানজিশনাল শেল্টার ‘সেতুবন্ধন কমলাপুরে’ রাখা হয়। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থার প্রতি গুরুত্ব দিয়ে কাউন্সেলিং করা হয়। একই সঙ্গে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু করেন লিডোর সমাজকর্মীরা।
পরবর্তী সময়ে অনুসন্ধানের মাধ্যমে জিহাদের পরিবারের সন্ধান পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে রোববার সকালে ঢাকা রেলওয়ে থানার আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
দীর্ঘ ১৪ দিন পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ও আবেগে আপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তাদের দীর্ঘদিনের উৎকণ্ঠা ও অপেক্ষার অবসান ঘটে।
লিডো জানায়, শিশু উদ্ধার, নিরাপদ আশ্রয়, কাউন্সেলিং, পরিবারের সন্ধান এবং পুনঃএকত্রীকরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।