শিরোনাম
প্রকাশ: ১৩:৩২, ২২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩৩, ২২ আগস্ট ২০২৬
ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি, পকেটমার ও মাদকদ্রব্য বিক্রি-সেবনের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট ২০২৬ তারিখে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিহ্নিত চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সন্দেহভাজন চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— মাহাফুজ মিয়া (৪২), মো. আশিক (১৯), ইসমাইল হোসেন (২৯) ও ইমরান হাসান (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতারের পর তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। মোবাইল কোর্টের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চুরির অপরাধে মাহাফুজ মিয়াকে ১০ মাসের কারাদণ্ড এবং পকেটমারির অপরাধে মো. আশিককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া মাদকদ্রব্য গাঁজা বিক্রি ও সেবনের অপরাধে ইমরান হাসানকে ১ মাস এবং ইসমাইল হোসেনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।